
প্রধানমন্ত্রী নিজ হাতে ব্যাজ পরিয়ে দিলেন
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে (এএফডি) নিজের কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেছেন। তাঁর এই প্রথম কার্যদিবসকে কেন্দ্র করে সেনানিবাসে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছালে সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও গার্ড অব অনার প্রদান করেন। এরপর তিনি সশস্ত্র বাহিনীর তিন প্রধানের সঙ্গে সৌজন্য ও শুভেচ্ছা বিনিময় করেন।
দাপ্তরিক এই সফরের অন্যতম বিশেষ মুহূর্ত ছিল পদোন্নতি পাওয়া দুই জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার র্যাঙ্ক ব্যাজ পরিধান অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নিজ হাতে নব-নিযুক্ত লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে তাঁদের নতুন পদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এ সময় তিনি কর্মকর্তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও অবদানের ভূয়সী প্রশংসা করেন
পরবর্তীতে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বাহিনীর আধুনিকায়ন এবং শৃঙ্খলা বজায় রেখে দেশসেবায় আত্মনিয়োগ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।






































