রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩:১৯ অপরাহ্ন
শেয়ার

ফ্যামিলি কার্ডের মতো এবার ‘কৃষক কার্ড’ চালু করছে সরকার


Farmar-Card

‘কৃষক কার্ড’ বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার

দেশের কৃষকদের ভাগ্য উন্নয়নে এবং কৃষি খাতের আধুনিকায়নে টিসিবির ফ্যামিলি কার্ডের আদলে এবার ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন সরকারের এই নতুন প্রকল্পের কথা জানান।

তিনি বলেন, নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং দ্রুততম সময়ে এটি ‘পাইলট প্রকল্প’ হিসেবে চালু করা হবে।

তথ্যমন্ত্রী জানান, এই বিশেষ কার্ডের মাধ্যমে একজন কৃষক কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সকল ধরনের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা সরাসরি ভোগ করতে পারবেন। এর মধ্যে রয়েছে সার, বীজ ও কীটনাশকের মতো কৃষি উপকরণে বিশেষ সহযোগিতা এবং আধুনিক যন্ত্রপাতি সহজলভ্য করা। এছাড়া কার্ডধারী কৃষকরা স্মার্ট প্রযুক্তির মাধ্যমে সরাসরি বাজার পরিস্থিতি, আবহাওয়ার পূর্বাভাস ও উৎপাদনের অবস্থা সম্পর্কে আগাম বার্তা পাবেন, যা তাদের উন্নত পরিকল্পনা গ্রহণে সহায়তা করবে।

মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে সরকার এই প্রকল্পে ‘স্মার্ট কার্ড’ প্রযুক্তির ওপর বিশেষ জোর দিচ্ছে। জহির উদ্দিন স্বপন বলেন, কার্ডের মাধ্যমে রাষ্ট্রের সঙ্গে কৃষকের সরাসরি যোগাযোগ তৈরি হবে, ফলে কোনো প্রভাবশালী ব্যক্তি বা মাঝপথে কোনো ‘লিকেজ’ হওয়ার সুযোগ থাকবে না।

শুরুতে নির্দিষ্ট কিছু অঞ্চলে পাইলট প্রজেক্ট হিসেবে এটি চালু হলেও, পর্যায়ক্রমে দেশের সকল কৃষককে এই স্মার্ট কার্ডের আওতায় নিয়ে আসা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এখন এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।