রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শেয়ার

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, চীন সফরের আমন্ত্রণ


pm-yeu-wen

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উষ্ণ অভিনন্দন পৌঁছে দেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হুমায়ুন কবির সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান।

তিনি বলেন, সফরসূচি নিয়ে কোনো আলাপ-আলোচনা হয়নি। প্রধানমন্ত্রীর অনেক অভ্যন্তরীণ অগ্রাধিকারমূলক কাজ রয়েছে। যখন তিনি বিদেশ সফর শুরু করবেন, তখন চীন সফরের বিষয়টি বিবেচনা করা হবে।

তিনি আরও জানান, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হওয়ায় চীন সরকার নতুন সরকারের এই ম্যান্ডেটকে স্বীকৃতি দিয়েছে। এটি মূলত একটি সৌজন্য সাক্ষাৎ ছিল এবং এতে দুই দেশের ঐতিহ্যবাহী সম্পর্ক ও ভবিষ্যতের দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগিতা নিয়ে সৌজন্যমূলক অঙ্গীকার করা হয়েছে।

হুমায়ুন কবির বলেন, ‘বাংলাদেশ ও চীনের সম্পর্ক ঐতিহাসিক এবং ধারাবাহিকভাবে চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। বর্তমান সরকার এই সম্পর্ককে আরও দৃঢ় করতে চাইছে।’