
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের পশ্চিম তীরে একটি মসজিদে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে নাবলুসের কাছে তেল শহরে অবস্থিত আবু বকর আল-সিদ্দিক মসজিদে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ফিলিস্তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
ফজরের নামাজের সময় মুসল্লিরা মসজিদের ভেতরে আগুন জ্বলতে দেখেন। আগুনের কালো ধোঁয়ায় প্রবেশপথ ঢেকে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদের দরজা ভাঙা ছিল এবং কাচ চূর্ণবিচূর্ণ অবস্থায় পড়ে ছিল।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ইসরায়েলি সেটলাররা (অবৈধ বসতি স্থাপনকারী) এই হামলা চালিয়েছে। সিসিটিভি ফুটেজে দুই ব্যক্তিকে দাহ্য পদার্থ ও স্প্রে পেইন্টের ক্যান হাতে মসজিদের দিকে যেতে এবং কিছুক্ষণ পর দ্রুত সেখান থেকে চলে যেতে দেখা গেছে বলে জানা গেছে।
ফিলিস্তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানায়, গত বছর পশ্চিম তীরে অন্তত ৪৫টি মসজিদে হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ফিলিস্তিনি নাগরিক ও মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় নাই।
সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।





































