
এভারটনের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড
ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষ চারে উঠে এসেছে রেড ডেভিলরা। হিল ডিকিনসন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ম্যানইউর হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন তরুণ স্ট্রাইকার বেঞ্জামিন সেসকো।
ম্যাচের প্রথমার্ধে বল দখলে ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে থাকলেও আক্রমণে ধার ছিল না। অন্যদিকে স্বাগতিক এভারটনও গোল করার মতো তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি, ফলে গোলশূন্যভাবেই বিরতিতে যায় দুই দল। তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের দৃশ্যপট। গোল পেতে মরিয়া এভারটন মুহুর্মুহু আক্রমণ শুরু করলে চাপে পড়ে যায় ম্যানইউ রক্ষণভাগ।
খেলার ৭১ মিনিটে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন বদলি হিসেবে নামা বেঞ্জামিন সেসকো। মাঠে নামার মাত্র ১৩ মিনিটের মাথায় এক দুর্দান্ত পাল্টা আক্রমণ থেকে বল জালে জড়ান তিনি। শেষ দিকে সমতায় ফিরতে এভারটন বেশ কিছু আক্রমণ চালালেও গোল শোধ করতে ব্যর্থ হয়। এই জয়ের পর ২৭ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে এভারটনের অবস্থান নবম। এদিকে ২৮ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি।






































