রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩৭ অপরাহ্ন
শেয়ার

ফের রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম


sorowar-alam

সরওয়ার আলম। ফাইল ছবি

সাবেক অবসরপ্রাপ্ত সচিব সরওয়ার আলমকে আবারও রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চুক্তিভিত্তিক এ নিয়োগ এক বছরের জন্য কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা ৪৯ অনুযায়ী অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকেই তার চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে।

এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুই বছরের জন্য চুক্তিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন–এর প্রেস সচিব হিসেবে নিয়োগ পান সরওয়ার আলম। সে সময় তাকে সচিব পদমর্যাদায় দায়িত্ব দেওয়া হয়। তবে পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার তাকে ওই পদ থেকে অব্যাহতি দেয়। নতুন করে আবার তিনি একই দায়িত্বে ফিরলেন।

সরওয়ার আলম বিসিএস ৮৫ ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা। কর্মজীবনে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–র উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর সচিব (জনসংযোগ) এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ–এর নির্বাহী পরিচালক (যুগ্ম-সচিব) হিসেবে কাজ করেছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর পরিচালক (যুগ্ম-সচিব) পদে থাকা অবস্থায় তিনি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান।