রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৩০ অপরাহ্ন
শেয়ার

সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী


khalilur Rahman

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

দায়িত্ব গ্রহণের পর নিজের প্রথম বিদেশ সফরে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। জেদ্দায় আয়োজিত ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বিশেষ জরুরি বৈঠকে অংশ নিতে তাঁর এই সফর। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন। বৃহস্পতিবার ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সাধারণ সচিবালয়ে এই ওপেন-এন্ডেড এক্সিকিউটিভ কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হবে, যেখানে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বর্তমান সংকটময় পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই জরুরি অধিবেশনে প্রধানত পশ্চিম তীরে ইসরায়েলি কর্তৃপক্ষের সাম্প্রতিক বসতি সম্প্রসারণ এবং জমি দখলের মতো অবৈধ পদক্ষেপগুলোর বিরুদ্ধে মুসলিম দেশগুলোর অবস্থান সমন্বয় করা হবে। সম্প্রতি ইসরায়েল পশ্চিম তীরের বিশাল অংশকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে ঘোষণা করায় ওই অঞ্চলের রাজনৈতিক ও জনসংখ্যাগত ভারসাম্য নষ্ট হওয়ার চরম ঝুঁকি তৈরি হয়েছে। ওআইসি সদস্য দেশগুলো এই পদক্ষেপের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণ করার লক্ষ্যে এই আলোচনার আয়োজন করেছে।

ফিলিস্তিনিদের অধিকার রক্ষা এবং দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে টিকিয়ে রাখতে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েলের এই একতরফা প্রচেষ্টার বিরুদ্ধে বাংলাদেশ শুরু থেকেই কড়া প্রতিবাদ জানিয়ে আসছে। জেদ্দার এই অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের প্রতি অবিচল সংহতি এবং শান্তি প্রতিষ্ঠার জোরালো দাবি তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।