রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তির বিষয়গুলো পর্যালোচনা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী


Commerce-Minister

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ও সাম্প্রতিক বাণিজ্যচুক্তি সংক্রান্ত পরিস্থিতিকে ‘বিকাশমান পরিস্থিতি (ইভলভিং সিনারিও)’ হিসেবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিষয়টি আরও পর্যালোচনার পর সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে।

বুধবার সচিবালয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত কিছু পাল্টা শুল্ক অবৈধ ঘোষণা করার পর নতুন করে বৈশ্বিক শুল্ক আরোপের নির্দেশনা এসেছে। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সই করা বাণিজ্যচুক্তি ও নতুন শুল্ক কাঠামো নিয়ে করণীয় নির্ধারণে বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে।

মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত আগের ধার্য করা ট্যারিফ ‘মেইন্টেনেবল’ নয় বলে ঘোষণা করেছে। এরপর তারা প্রথমে সব দেশের জন্য ১০ শতাংশ এবং পরে ১৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়। তবে এ বিষয়ে এখনো বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক কোনো লিখিত নোটিফিকেশন পায়নি। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়া অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হওয়ায় পরিস্থিতি এখনো পরিবর্তনশীল রয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ববর্তী সরকারের করা বাণিজ্যচুক্তি নিয়েও এখনই মন্তব্য করার মতো অবস্থা তৈরি হয়নি বলে জানান মন্ত্রী। তিনি বলেন, চুক্তির পক্ষে-বিপক্ষে নানা দিক খতিয়ে দেখা হচ্ছে এবং সবদিক বিবেচনা করেই সরকার সিদ্ধান্ত নেবে। চুক্তি আলোচনার সময় কিছু নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি সংবেদনশীল হওয়ায় এ মুহূর্তে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করা সমীচীন নয়।

বৈঠকে বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম ও বাণিজ্যসচিব মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শুল্ক ও চুক্তি বিষয়ে ব্যবসায়ীদের মতামত প্রসঙ্গে মন্ত্রী জানান, বিভিন্ন খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং কোন খাতে কী ধরনের প্রভাব পড়তে পারে, তা নিয়েও মতবিনিময় করা হয়েছে।

এদিকে বর্তমান দ্রব্যমূল্য পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকিতে থাকা আমদানি পণ্যের দাম মোটামুটি স্বাভাবিক রয়েছে। রমজান শুরুর আগে অতিরিক্ত কেনাকাটার কারণে কিছু সবজির দাম সাময়িক বেড়েছিল বলেও জানান তিনি।

চাঁদাবাজি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, অতীতে বিভিন্ন সরকার আশ্বাস দিলেও কার্যকর অগ্রগতি হয়নি। তবে বর্তমান সরকার এ বিষয়ে বাস্তব পদক্ষেপ নিয়ে দৃশ্যমান পরিবর্তন আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।