
ভয় ও রহস্যে মোড়া আমেরিকান স্ল্যাশার ঘরানার নতুন চলচ্চিত্র ‘স্ক্রিম ৭’ আগামী ২৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে একযোগে মুক্তি পেতে যাচ্ছে। একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও সিনেমাটি মুক্তি পাবে। দেশের দর্শকরা ছবিটি দেখতে পারবেন স্টার সিনেপ্লেক্সে।
তিন বছর আগে মুক্তিপ্রাপ্ত ‘স্ক্রিম ৬’–এর সরাসরি সিক্যুয়েল হিসেবে আসছে ‘স্ক্রিম ৭’। অর্থাৎ ষষ্ঠ কিস্তির তিন বছর পর জনপ্রিয় এই হরর ফ্র্যাঞ্চাইজির সপ্তম পর্ব নিয়ে ফিরছে নির্মাতারা।
গত ৫ ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে ডেডলাইন হলিউড জানিয়েছে, মুক্তির প্রথম সপ্তাহান্তেই সিনেমাটি উল্লেখযোগ্য অঙ্কের ব্যবসা করতে পারে। ধারণা করা হচ্ছে, এটি ‘স্ক্রিম ৬’-এর ৪৪ দশমিক ৪ মিলিয়ন ডলারের ঘরোয়া উদ্বোধনী আয়ের পর সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং পেতে পারে।
১৯৯৬ সালে শুরু হওয়া ‘স্ক্রিম’ সিরিজটি দীর্ঘ সময় ধরে হরর–থ্রিলারপ্রেমী দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা ধরে রেখেছে। সিরিজের মূল চিত্রনাট্যকার কেভিন উইলিয়ামসন এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো পুরো সিনেমার পরিচালনার দায়িত্ব নিয়েছেন।
সিনেমাটিতে অভিনয় করেছেন নেভ ক্যাম্পবেল, জেসমিন স্যাভয় ব্রাউন, ম্যাসন গুডিং, ডেভিড আর্কেট, ম্যাথিউ লিলার্ড এবং কোর্টেনি কক্স।
২০২৪ সালের মার্চে নেভ ক্যাম্পবেল ‘স্ক্রিম ৬’-এ অনুপস্থিত থাকার পর ফ্র্যাঞ্চাইজিতে নিজের প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করেন। পরে সিরিজের আগের কয়েকটি কিস্তিতে লেখক ও প্রযোজক হিসেবে যুক্ত থাকা কেভিন উইলিয়ামসনকেই ‘স্ক্রিম ৭’-এর পরিচালক হিসেবে চূড়ান্ত করা হয়।
২০২৫ সালের জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হয়ে মার্চ মাসে শেষ হয়। দীর্ঘ অপেক্ষার পর আবারও বড় পর্দায় ফিরছে জনপ্রিয় এই হরর ফ্র্যাঞ্চাইজি।









































