রবিবার । মার্চ ২২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শেয়ার

পাকিস্তানে পৃথক অভিযানে ৩৪ সন্ত্রাসী নিহত


Pakistan

ছবি : সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে মোট ৩৪ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) পাকিস্তানের সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এই তথ্য জানিয়েছে। খবর ডনের।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, গত কয়েক দিনে নিরাপত্তা বাহিনী ‘ফিতনা আল খারিজ’ ও ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামে ভারত-সমর্থিত প্রক্সি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে গোয়েন্দাভিত্তিক অভিযান চালায়। ‘ফিতনা আল খারিজ’ বলতে নিষিদ্ধ তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) বোঝানো হয়েছে। আর ‘ফিতনা আল হিন্দুস্তান’ বলতে বেলুচিস্তানে সক্রিয় সন্ত্রাসী সংগঠনগুলোকে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ২৪ ফেব্রুয়ারি খাইবার পাখতুনখাওয়ার চারটি পৃথক সংঘর্ষে ‘ফিতনা আল খারিজ’-এর ২৬ জন সদস্য নিহত হয়েছেন। একই সময়ে বেলুচিস্তানের সামবাজা এলাকায় পরিচালিত এক অভিযানে ‘ফিতনা আল হিন্দুস্তান’-এর আটজন সদস্য নিহত হয়েছেন।

আইএসপিআর আরও জানিয়েছে, নর্থ ওয়াজিরিস্তানের সীমান্ত এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করা একদল সন্ত্রাসীর গতিবিধি শনাক্ত করে নিরাপত্তা বাহিনী। সংঘর্ষে একজন আফগান নাগরিক নিহত হয়েছেন। এছাড়া লাক্কি মারওয়াত, বান্নু ও নর্থ ওয়াজিরিস্তানের অন্যান্য এলাকায় পৃথক অভিযানে আরও ২৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি নিহত সন্ত্রাসী ও বিপুল অস্ত্র উদ্ধারকে নিরাপত্তা বাহিনীর পেশাদারিত্বের পরিচায়ক হিসেবে উল্লেখ করে অভিনন্দন জানান। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও নিরাপত্তা বাহিনীকে প্রশংসা ও অভিনন্দন জানিয়েছেন।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, এই সফল অভিযানের মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠীর কার্যক্রমে বড় ধাক্কা লেগেছে এবং স্থানীয় জনগণ নিরাপত্তার নিশ্চয়তায় কিছুটা স্বস্তি অনুভব করছে।