
হিলারি ক্লিনটন
যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী প্রয়াত জেফরি এপস্টেইনের অপরাধ নিয়ে তদন্তে সাক্ষ্য দিতে প্রতিনিধি পরিষদের কমিটির সামনে হাজির হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। স্থানীয় সময় বৃহস্পতিবার রিপাবলিকান-নিয়ন্ত্রিত হাউস ওভারসাইট কমিটির রুদ্ধদ্বার শুনানিতে অংশ নেন তিনি।
শুনানি চলাকালে হিলারির সাক্ষ্যগ্রহণের ছবি বাইরে ফাঁস হওয়ায় কিছু সময়ের জন্য কার্যক্রম স্থগিত থাকে। পরে আবার শুনানি শুরু হয়। এ ঘটনাকে ‘দলীয় রাজনৈতিক নাটক’ বলে মন্তব্য করেন হিলারি ক্লিনটন। তিনি বলেন, এপস্টেইন–সংক্রান্ত তদন্তে সাবেক ও বর্তমান সংশ্লিষ্ট সবাইকে ডাকা উচিত এবং প্রয়োজনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও সাক্ষ্য দিতে আহ্বান জানান।
ডেমোক্র্যাট সদস্যরা দাবি করেন, বন্ধ দরজার বৈঠক থেকে ছবি প্রকাশ করা সম্পূর্ণ নিয়মবহির্ভূত এবং এতে শুনানির শৃঙ্খলা ভঙ্গ হয়েছে।
হিলারি ক্লিনটন জানান, এপস্টেইনের অপরাধ সম্পর্কে তার কোনো তথ্য নেই এবং তিনি কখনো এপস্টেইনের সঙ্গে সাক্ষাৎ বা কথা বলেছেন বলে মনে করতে পারছেন না।
অন্যদিকে, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এপস্টেইনকে চিনতেন বলে স্বীকার করলেও তার কোনো অপরাধ সম্পর্কে জানতেন না বলে দাবি করেছেন। তিনি জানান, প্রায় দুই দশক আগেই এপস্টেইনের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেন এবং এমন একজনের সঙ্গে পরিচয় থাকার জন্য অনুতপ্ত।
আগামী শুক্রবার বিল ক্লিনটনেরও আলাদাভাবে হাউস ওভারসাইট কমিটিতে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।
সূত্র: বিবিসি





































