রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ৬:১৩ পূর্বাহ্ন
শেয়ার

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি

সরে দাঁড়াল ফিলিস্তিন, বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান


khalilur Rahman

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে ফিলিস্তিন। ফলে আগামী জুনে অনুষ্ঠেয় সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বাংলাদেশ ও সাইপ্রাসের মধ্যে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মনোনয়ন দিয়েছেন।

প্রায় চার দশক পর আবারও এই মর্যাদাপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ২০২৬–২৭ মেয়াদের জন্য এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কোটা থেকে এ পদে বাংলাদেশ প্রায় চার বছর আগেই প্রার্থিতার ঘোষণা দেয়। পরে শেষ মুহূর্তে ফিলিস্তিন প্রার্থিতা দিলেও পরবর্তীতে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ায়।

গত বছরের সেপ্টেম্বরে সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বাংলাদেশের প্রার্থিতা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়। ওই সময়ে যুক্তরাষ্ট্র ও তুরস্ক বাংলাদেশকে নির্বাচন থেকে সরে না দাঁড়াতে অনুরোধ জানায় বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

ফিলিস্তিন সরে দাঁড়ানোয় এখন বাংলাদেশ ও সাইপ্রাসের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা চূড়ান্ত হয়েছে। আন্তর্জাতিক কূটনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদে সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালনা, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয় এবং বৈশ্বিক ইস্যুতে আলোচনার নেতৃত্ব দেওয়ার দায়িত্ব থাকে।

চার দশক পর আবারও এই পদে লড়াইয়ে নামায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক সক্রিয়তা ও অবস্থান নতুন করে আলোচনায় এসেছে। জুনের নির্বাচনেই নির্ধারিত হবে, বাংলাদেশ আবারও ইতিহাস গড়তে পারে কি না।