রবিবার । মার্চ ২২, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ৬:০৪ অপরাহ্ন
শেয়ার

পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ: এখন পর্যন্ত যা জানা গেছে


Pak Afg war

উভয় দেশের সীমান্ত এলাকায় বেসামরিক হতাহতের খবরও পাওয়া যাচ্ছে

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা নতুন করে সংঘর্ষে রূপ নিয়েছে। সর্বশেষ পরিস্থিতিতে উভয় দেশই একে অপরের বিরুদ্ধে হামলা চালানোর দাবি করেছে এবং সীমান্ত এলাকায় সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।

রাতভর পাকিস্তান আফগানিস্তানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে বলে জানা গেছে। এসব হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রাজধানী কাবুলও ছিল।

এর আগে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর ওপর হামলা চালায় আফগান বাহিনী। সপ্তাহের শুরুতে পাকিস্তানের চালানো বিমান হামলার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে জানানো হয়।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দুই দেশের মধ্যে “সর্বাত্মক যুদ্ধ” শুরু হয়েছে বলে ঘোষণা দিয়েছেন।

পাকিস্তানের সামরিক বাহিনীর এক মুখপাত্র দাবি করেছেন, সাম্প্রতিক হামলায় ২২৮ জন তালেবান যোদ্ধা নিহত এবং ৩১৪ জন আহত হয়েছে। তিনি আরও জানান, তালেবানের ৭৪টি অবস্থান ধ্বংস করা হয়েছে এবং ১৮টি পোস্ট দখল করা হয়েছে।

অন্যদিকে তালেবানের এক মুখপাত্র দাবি করেছেন, সংঘর্ষে পাকিস্তানের ৫৫ জন সেনা নিহত হয়েছে এবং ১৯টি সামরিক পোস্ট দখল করা হয়েছে। তিনি জানান, নানগারহার প্রদেশে আটজন তালেবান যোদ্ধা নিহত, ১১ জন আহত এবং ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছে।

এছাড়া উভয় দেশের সীমান্ত এলাকায় বেসামরিক হতাহতের খবরও পাওয়া যাচ্ছে।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের ভেতরে সামরিক লক্ষ্যবস্তুতে সফলভাবে ড্রোন হামলা চালানো হয়েছে।

আল জাজিরা অবলম্বনে