শনিবার । মার্চ ২১, ২০২৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক বিনোদন ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১:৩০ অপরাহ্ন
শেয়ার

অডিশনে আপত্তি, ফের হলিউডের প্রস্তাব ফেরালেন দীপিকা


Deepika-Padukone

বলিউড সুপারস্টার দীপিকা পাড়ুকোন

হলিউডের জনপ্রিয় এইচবিও সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এ অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন বলিউড সুপারস্টার দীপিকা পাড়ুকোন। তবে নির্মাতাদের অডিশন দেওয়ার শর্তে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত এই হাই-প্রোফাইল প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। ফলে বিশ্বজুড়ে তাঁর ভক্তদের মাঝে বড় পর্দার আন্তর্জাতিক কামব্যাক নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, তার অবসান ঘটল।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘দ্য হোয়াইট লোটাস’ সিরিজের কাস্টিং প্রক্রিয়ায় অডিশন দেওয়া বাধ্যতামূলক। কিন্তু দীপিকা পাড়ুকোন এই অডিশন প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহী নন। দীপিকার পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে অডিশন দেওয়া তাঁর জন্য সংগতিপূর্ণ নয়। ফলে নির্মাতাদের সঙ্গে আলোচনা আর সামনে এগোয়নি।

এটিই প্রথম নয়, এর আগে সিরিজটির তৃতীয় মৌসুমেও দীপিকাকে নেওয়ার প্রবল আগ্রহ দেখিয়েছিলেন এর স্রষ্টা মাইক হোয়াইট। তবে সে সময় অন্তঃসত্ত্বা থাকায় ব্যক্তিগত কারণে কাজটিতে যুক্ত হতে পারেননি তিনি। বর্তমানে চতুর্থ মৌসুমের প্রস্তুতি চলাকালীন ফের যোগাযোগ করা হলেও এবার পেশাদার সমঝোতা না হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।

সম্প্রতি পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ এবং নাগ অশ্বিনের ‘কাল্কি’ সিক্যুয়াল থেকেও দীপিকার সরে দাঁড়ানোর খবর চাউর হয়েছে। তবে হলিউড প্রজেক্ট হাতছাড়া হলেও বলিউডে বেশ বড় কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘কিং’ ছবিতে দেখা যাবে তাঁকে, যেখানে তাঁর সহশিল্পী হিসেবে থাকছেন শাহরুখ খান, অভিষেক বচ্চন ও সুহানা খান। এছাড়া জনপ্রিয় পরিচালক অ্যাটলির নতুন একটি ছবিতেও তিনি কাজ করছেন, যেখানে তাঁর সঙ্গে দেখা যাবে দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুনকে।

২০১৭ সালে ‘এক্সএক্সএক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির মাধ্যমে হলিউডে অভিষেক হয়েছিল দীপিকার। সেখানে ভিন ডিজেলের বিপরীতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও বড় কোনো আন্তর্জাতিক প্রজেক্টে তাঁকে দেখা যায়নি। ‘দ্য হোয়াইট লোটাস’-এর মতো সামাজিক ব্যঙ্গ ও সম্পর্কের জটিলতা নিয়ে নির্মিত বিশ্বখ্যাত সিরিজে তাঁর যুক্ত হওয়ার খবরে তাই বেশ কৌতূহল তৈরি হয়েছিল।