রবিবার । মার্চ ২২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শেয়ার

মার্কিন সামরিক বাহিনীর ৩ সদস্য নিহত হয়েছে: যুক্তরাষ্ট্র


US

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর এই প্রথম যুক্তরাষ্ট্রের সেনা হতাহতের তথ্য নিশ্চিত করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড। সংস্থাটি জানায়, শনিবার থেকে শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের তিনজন সেনা নিহত হয়েছেন।

এক বিবৃতিতে জানানো হয়, নিহত তিনজন সেনা ‘কিলড ইন অ্যাকশন’ বা সরাসরি যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালনকালে প্রাণ হারান। একই অভিযানে আরও পাঁচজন মার্কিন সেনা গুরুতর আহত হয়েছেন। সামরিক বিধি অনুযায়ী, নিহতদের পরিবারের কাছে খবর পৌঁছানোর ২৪ ঘণ্টা না পেরোনো পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হবে না।

বিবৃতিতে আরও বলা হয়, আরও কয়েকজন সেনা সামান্য আহত হয়েছেন এবং তাদের পুনরায় দায়িত্বে ফেরানোর প্রক্রিয়া চলছে। ইরানকে লক্ষ্য করে বড় পরিসরের সামরিক অভিযান অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে বলেও উল্লেখ করা হয়।

এর আগে অভিযান শুরুর ঘোষণা দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে সতর্ক করে বলেছিলেন, যুদ্ধে মার্কিন সেনাদের প্রাণহানি ঘটতে পারে।

এদিকে একই বিবৃতিতে সেন্টকম দাবি করেছে, ওমান উপসাগরে একটি ইরানি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। হামলার পর জাহাজটি ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার বন্দরের কাছে ডুবে যাচ্ছে বলে দাবি করা হয়।

তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা