
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক বিধিমালায় এ তথ্য জানানো হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফর এবং সফর শেষে দেশে ফেরার সময় অনুসরণ করা রাষ্ট্রীয় প্রটোকলে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বিমানবন্দরে সীমিত সংখ্যক কর্মকর্তা উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক বিধিমালায় এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সরকারি বা রাষ্ট্রীয় সফরে বিদেশ যাত্রা এবং দেশে ফেরার সময় রাষ্ট্রাচারের অংশ হিসেবে বিমানবন্দরে মাত্র চারজন উপস্থিত থাকবেন। তারা হলেন—মন্ত্রিসভার জ্যেষ্ঠতম একজন মন্ত্রী, চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।
এর আগে এ ধরনের সফরের সময় প্রটোকল অনুযায়ী মন্ত্রিপরিষদের একাধিক সদস্য, তিন বাহিনীর প্রধানসহ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থাকতেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে থাকতেন।
সরকারের নতুন এই সিদ্ধান্তের ফলে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময়কার রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা আরও সংক্ষিপ্ত ও সীমিত আকারে অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।







































