
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদফাইল ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অতীতে সংসদে অপসংস্কৃতির চর্চা যেগুলো হয়েছে এবং মানুষের যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, এগুলো সব মানুষের মন থেকে আমরা মুছে দেবো। আমরা একটা ভালো পার্লামেন্টারি প্র্যাকটিস সৃষ্টি করব এবং তার মাধ্যমে নজির স্থাপন করব। জাতির জন্য আমরা বেস্ট কন্ট্রিবিউশন যাতে করতে পারি, এই পার্লামেন্টের মধ্য দিয়ে সেই চেষ্টা করছি।’
আজ শনিবার (০৭ মার্চ) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে সংসদ সদস্যদের জন্য আয়োজিত দ্বিতীয় দিনের কর্মশালায় অংশ নেন তিনি।
কর্মশালা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, কর্মশালার দ্বিতীয় দিনে সংবিধান, কার্যপ্রণালি বিধি (রুলস অব প্রসিজার), কাস্টমস কনভেনশন অব দ্য হাউস নিয়ে আলাপ হয়েছে এবং তার সঙ্গে পৃথিবীর বিভিন্ন পার্লামেন্ট—যে সমস্ত পার্লামেন্টের রেফারেন্স আমরা দিয়ে থাকি, হাউস অব কমনস এবং বিভিন্ন দেশের যারা শক্তিশালী গণতন্ত্রের চর্চা করে থাকে, সেই সমস্ত দেশের পার্লামেন্টারি প্র্যাকটিসের ওপর আমরা কথা বলেছি। রেফারেন্স বুক আমরা দিয়েছি, বাংলাদেশেও অনেক কিছু রেফারেন্স বুক আছে, সেগুলোর কথা বলেছি আর পার্লামেন্ট লাইব্রেরি যাতে আমরা ব্যবহার করি সে জন্য নসিহত করেছি।
তিনি বলেন, এভাবে নিজেদের মধ্যে আলোচনা করে আমরা সংসদীয় চর্চায় নিজেদের শক্তিশালী ও সমৃদ্ধ করার চেষ্টা চালু রাখছি। আশা করি, আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে যে, এ রকম একটি সংসদ তারা দেখতে চেয়েছিলেন।
দুই-তৃতীয়াংশ সংসদ সদস্য একেবারে নতুন, যাদের অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে এটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে কি না জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, ‘নতুন সংসদ সদস্যরা নতুন করে যাত্রা শুরু করবেন, শিখবেন ভালো। তাদের ভেতরে কোনো প্রিকনসিভড আইডিয়া না থাকলে ভালো মতো লার্নিংটা হয়। সদ্য ভূমিষ্ঠ শিশু, মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পর নতুন সংস্কৃতি শেখে সেভাবে আমরা নবীন সংসদ সদস্যদের প্রস্তুত করার চেষ্টা করছি।’




































