সোমবার । মার্চ ৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৯ মার্চ ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন
শেয়ার

চট্টগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩


Road-Crush

সংগৃহীত ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পেলাগাজি দিঘী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— যোগেজ উড়াংয়ের ছেলে উত্তম উড়াং (১৭), রাম উড়াংয়ের ছেলে নয়ন উড়াং (১৭) এবং তপন উড়াংয়ের ছেলে তপু উড়াং (১৭)। তারা সবাই ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখিল গ্রামের বাসিন্দা।

নিহত উত্তম উড়াংয়ের বাবা যোগেজ উড়াং জানান, পড়াশোনার পাশাপাশি স্কুল–কলেজ বন্ধ থাকায় তিনজনই রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী রেজাউল করিম চৌধুরী বলেন, দুর্ঘটনায় পড়া বাসটি মানিকছড়ি থেকে একটি সামাজিক অনুষ্ঠান শেষে চট্টগ্রামের বোয়ালখালীর উদ্দেশ্যে ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পশ্চিম পাশে ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলের আরোহীরা গুরুতর আহত হয়ে সড়কে পড়ে থাকেন।

পরে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

নাজিরহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শাহাবুদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয় এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেহেদী বলেন, দুর্ঘটনায় আহতদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ১৭ জনের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।