বুধবার । মার্চ ১১, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১১ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শেয়ার

যুক্তরাজ্যের ঘাঁটিতে আরও মার্কিন বি-১ বোমারু বিমান মোতায়েন


B1

রকওয়েল বিওয়ান ল্যান্সার, যা দীর্ঘপাল্লার হামলা চালাতে সক্ষম একটি সুপারসনিক কৌশলগত বোমারু বিমান

যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের রয়্যাল এয়ার ফোর্সের ফেয়ারফোর্ড ঘাঁটিতে আরও তিনটি মার্কিন বি-১ বোমারু বিমান অবতরণ করেছে। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর কৌশলগত বোমারু বিমান মোতায়েনের জন্য পরিচিত এই ঘাঁটিটি নতুন করে আন্তর্জাতিক নজরে এসেছে।

মার্কিন সামরিক বাহিনীর এই বোমারু বিমানগুলো হলো রকওয়েল বিওয়ান ল্যান্সার, যা দীর্ঘপাল্লার হামলা চালাতে সক্ষম একটি সুপারসনিক কৌশলগত বোমারু বিমান।

এই মোতায়েন এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টরমার যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছেন। লন্ডনের ভাষ্য অনুযায়ী, ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই ঘাঁটিগুলো “প্রতিরক্ষামূলক” সামরিক অভিযানের অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে।

নতুন তিনটি বোমারু বিমান যোগ হওয়ায় ফেয়ারফোর্ড ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সামরিক বিমানের সংখ্যা আরও বেড়েছে। এর আগে শুক্রবার একটি বি-১ ল্যান্সার বোমারু বিমান সেখানে পৌঁছায় এবং শনিবার আরও দুটি বিমান ঘাঁটিতে অবতরণ করে।

বিশ্লেষকদের মতে, ইউরোপের মাটিতে মার্কিন কৌশলগত বোমারু বিমানের এই বৃদ্ধি মধ্যপ্রাচ্য পরিস্থিতির সঙ্গে সরাসরি সম্পর্কিত। যুক্তরাষ্ট্র তার সামরিক উপস্থিতি বাড়িয়ে ইরানকে চাপের মুখে রাখতে চাইছে এবং প্রয়োজনে দ্রুত হামলা চালানোর সক্ষমতা নিশ্চিত করছে।

ফেয়ারফোর্ড ঘাঁটিতে এই ধরনের মোতায়েন সাধারণত দীর্ঘপাল্লার অভিযান, নজরদারি এবং সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতির অংশ হিসেবে বিবেচিত হয়। ফলে বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এই পদক্ষেপকে অনেক বিশ্লেষক মধ্যপ্রাচ্য সংকটের বিস্তারের ইঙ্গিত হিসেবেও দেখছেন।