বুধবার । মার্চ ১১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১১ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শেয়ার

বছরে ৪০ লাখ ডলার বোনাস পাবেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং


Jensen Huang

এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং

করপোরেট জগতের শীর্ষ নির্বাহীদের পারিশ্রমিক নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। তবে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী (সিইও) জেনসেন হুয়াংয়ের ক্ষেত্রে এই কৌতূহল এখন বিস্ময়ে রূপ নিয়েছে। ২০২৭ অর্থবছরের জন্য হুয়াংয়ের জন্য এক নতুন বোনাস পরিকল্পনা চূড়ান্ত করেছে কোম্পানিটি, যা সফলভাবে সম্পন্ন হলে তিনি বছর শেষে মোটা অংকের অর্থ ঘরে তুলবেন।

এনভিডিয়ার প্রকাশিত সাম্প্রতিক নথি অনুযায়ী, জেনসেন হুয়াংয়ের জন্য ৪ মিলিয়ন বা ৪০ লাখ ডলারের একটি নগদ বোনাস লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এটি কোনো নিয়মিত মাসিক বেতন নয়; একে বলা হচ্ছে ‘টার্গেট বোনাস’। ২০২৭ সালের ৩১ জানুয়ারি যখন এনভিডিয়ার অর্থবছর শেষ হবে, তখন যদি কোম্পানি তাদের নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে, তবেই জেনসেন হুয়াং এই এককালীন বিশাল অর্থ বোনাস হিসেবে পাবেন।

কোম্পানিটির এই পরিকল্পনাকে বলা হচ্ছে ‘পরিবর্তনশীল পারিশ্রমিক’। অর্থাৎ, যদি এনভিডিয়া তাদের নির্ধারিত লক্ষ্যের চেয়ে বেশি আয় করে, তবে হুয়াংয়ের বোনাস এই ৪০ লাখ ডলার ছাড়িয়ে যেতে পারে। আবার লক্ষ্য অর্জনে ব্যর্থ হলে এই অংক কমেও যেতে পারে। মূলত শীর্ষ কর্মকর্তাদের কাজের প্রতি বাড়তি অনুপ্রেরণা দিতেই এমন বার্ষিক লক্ষ্যভিত্তিক বোনাস কাঠামো তৈরি করে বড় কোম্পানিগুলো।

তবে এই ৪০ লাখ ডলারের বোনাস জেনসেন হুয়াংয়ের মোট উপার্জনের খুব সামান্য একটি অংশ মাত্র। তাঁর বার্ষিক আয়ের মূল শক্তি আসলে কোম্পানির শেয়ার। উদাহরণস্বরূপ, ২০২৫ সালে হুয়াংয়ের মোট পারিশ্রমিক ছিল ৪৯ দশমিক ৯ মিলিয়ন ডলার, যার মধ্যে প্রায় ৩৮ দশমিক ৮ মিলিয়ন ডলারই ছিল শেয়ারভিত্তিক পুরস্কার। অর্থাৎ বছর শেষে কোম্পানি যত ভালো করবে, শেয়ারের দাম বাড়ার সঙ্গে সঙ্গে হুয়াংয়ের ব্যক্তিগত সম্পদের পরিমাণও তত বাড়বে।

বর্তমানে এআই প্রসেসরের আকাশচুম্বী চাহিদার কারণে এনভিডিয়া তাদের ব্যবসায়িক ইতিহাসের শ্রেষ্ঠ সময় পার করছে, যা হুয়াংয়ের জন্য এই বিশাল বোনাস অর্জনের পথ আরও সহজ করে দিয়েছে।