
মার্কিন পপ আইকন রিয়ানা
মার্কিন পপ আইকন রিয়ানার লস অ্যাঞ্জেলেসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ওই নারীর বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। গত রোববার বেভারলি হিলস এলাকায় রিয়ানার বাসভবনের সামনে এই ভয়াবহ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ৩৫ বছর বয়সী ইভানা লিসেট অর্টিজ ফ্লোরিডার বাসিন্দা। তিনি একটি এআর-১৫ স্টাইলের সেমি-অটোমেটিক রাইফেল দিয়ে রিয়ানার বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। গুলির আঘাতে বাড়ির দেয়াল ফুটো হয়ে ভেতরে প্রবেশ করলেও সৌভাগ্যবশত রিয়ানা বা তাঁর সন্তানরা কেউ আহত হননি। ঘটনার সময় রিয়ানা বাড়িতেই ছিলেন বলে জানা গেছে।
হামলার পর নিজের সাদা টেসলা গাড়ি নিয়ে পালিয়ে যান অর্টিজ। পরে পুলিশ আট মাইল দূর থেকে তাঁকে আটক করে। তদন্তে দেখা গেছে, অর্টিজ সামাজিক যোগাযোগমাধ্যমে রিয়ানাকে নিয়ে একাধিকবার রহস্যময় পোস্ট দিয়েছিলেন, যেখানে তিনি সরাসরি কথা বলার জন্য রিয়ানাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন।
মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসের আদালতে হাজির করা হলে অর্টিজের বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ ১০টি অভিযোগ আনা হয়েছে। এসব অপরাধে দোষী সাব্যস্ত হলে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। বর্তমানে রিয়ানার বাসভবনের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।









































