
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটেছে। এতে এক বাংলাদেশিসহ মোট চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে দুবাই মিডিয়া অফিস।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক মাঝারি ধরনের আঘাত পেয়েছেন। এছাড়া ঘানার দুই নাগরিক এবং একজন বাংলাদেশি সামান্য আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো তাৎক্ষণিকভাবে আহতদের নাম প্রকাশ করেনি।
দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোন দুটি শনাক্ত করার পরই সেগুলো ভূপাতিত করা হয়। তবে এ ঘটনায় বিমানবন্দরের স্বাভাবিক ফ্লাইট চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ঘটনার সময় বিমানবন্দরে উপস্থিত এক যাত্রী জানান, নিরাপত্তার স্বার্থে যাত্রীদের কাচের জানালা থেকে দূরে সরে যেতে এবং নিরাপদ স্থানে অবস্থান নিতে বলা হয়েছিল।
এদিকে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই ড্রোন হামলার দায় স্বীকার করেনি। বিষয়টি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।






































