বুধবার । মার্চ ১১, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১১ মার্চ ২০২৬, ৭:০৩ অপরাহ্ন
শেয়ার

হরমুজ প্রণালিতে ভারতগামী থাই জাহাজে হামলা, ২০ নাবিক উদ্ধার


thai-ship

ছবি: সংগৃহীত

ভারতের গুজরাটের উদ্দেশে যাত্রা করা থাইল্যান্ডের পতাকাবাহী একটি মালবাহী জাহাজ হরমুজ প্রণালিতে হামলার শিকার হয়েছে। বুধবার (১১ মার্চ) অজ্ঞাত একটি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র সদৃশ বস্তুর আঘাতে জাহাজটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও বার্তা সংস্থা এএফপি।

হামলার পরপরই জাহাজটিতে আগুন ধরে গেলেও পরে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ওমানি নৌবাহিনী দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে জাহাজে থাকা ২৩ জন নাবিকের মধ্যে ২০ জনকে নিরাপদে সরিয়ে নিয়েছে। তবে এখনও তিনজন নাবিক জাহাজের ভেতরেই অবস্থান করছেন। নাবিকদের বর্তমান শারীরিক অবস্থা বা জাহাজের ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

সামুদ্রিক নিরাপত্তা সূত্র ও জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী, ‘ময়ূরী নারি’ নামের জাহাজটি ওমানের উত্তর উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দূরে আক্রান্ত হয়। রয়্যাল থাই নেভি ও যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) নম্বর ও জাহাজের কাঠামোর ছবি মিলিয়ে এর পরিচয় নিশ্চিত করা হয়েছে। জাহাজটি থাইল্যান্ডের ‘প্রেশাস শিপিং’-এর মালিকানাধীন।

এই হামলায় ঠিক কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা এখনও শনাক্ত করা যায়নি। যদিও সামুদ্রিক নিরাপত্তা বিশ্লেষকেরা ঘটনাটিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার অংশ হিসেবে দেখছেন, তবে এখন পর্যন্ত কোনো দেশ বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। রয়্যাল থাই নেভি জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।