
ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ক্রিক হারবার এলাকায় একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনে ড্রোনের আঘাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে এবং ভবনের সব বাসিন্দা নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দুবাই সরকারের গণসংযোগ দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অল্প সময়ের মধ্যেই আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা সম্ভব হয়।
কর্তৃপক্ষ আরও জানায়, এ ঘটনায় ভবনের বাসিন্দাদের কেউ আহত হননি এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
তবে ড্রোনটি কোথা থেকে এসেছে বা কীভাবে এই ঘটনা ঘটেছে—এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।






































