
ধর্মীয় স্বাধীনতা কমিশনের উপদেষ্টা বোর্ডের একমাত্র মুসলিম নারী সদস্য সামিরা মুনশি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গঠিত ধর্মীয় স্বাধীনতা কমিশনের উপদেষ্টা বোর্ডের একমাত্র মুসলিম নারী সদস্য সামিরা মুনশি প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন।
তিনি অভিযোগ করেন, কমিশন থেকে ক্যাথলিক কমিশনার ক্যারি প্রেজিয়ান বোলারকে অপসারণের সিদ্ধান্তের প্রতিবাদেই তিনি পদত্যাগ করছেন। প্রেজিয়ান বোলার দাবি করেন, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনা এবং জায়নবাদবিরোধী অবস্থানের কারণেই তাকে বরখাস্ত করা হয়েছে।
মুনশি তার পদত্যাগপত্রে বলেন, কমিশনের কিছু সদস্য মুসলিমদের প্রতি বৈরী আচরণ করেছেন এবং ইসলাম ধর্মকে উপহাস করেছেন। তিনি আরও অভিযোগ করেন, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার পর থেকেই তাকে কমিশনের কার্যক্রম থেকে ধীরে ধীরে দূরে সরিয়ে রাখা হচ্ছিল।
সম্প্রতি তিনি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলারও সমালোচনা করেন এবং বলেন, নিরীহ মানুষ হত্যার মতো কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র জড়িত হওয়ায় তিনি এতে আর যুক্ত থাকতে চান না।
প্রেজিয়ান বোলারও ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করে বলেছেন, ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার কারণেই তাকে কমিশন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি এটিকে “অ-আমেরিকান” সিদ্ধান্ত বলে আখ্যা দেন।
উল্লেখ্য, ২০২৫ সালে গঠিত এই কমিশনটি ধর্মীয় স্বাধীনতা বিষয়ক সুপারিশ সরাসরি প্রেসিডেন্টকে দেয়। বর্তমানে কমিশনের গঠন ও কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রে আইনি প্রশ্নও উঠেছে।
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল





































