
আল-আওয়াহি শিল্প এলাকায় একটি ড্রোন আঘাত হানলে দুই বিদেশি নাগরিক নিহত হন
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা বাড়ছে। এমন পরিস্থিতিতে ওমানে ড্রোন হামলায় দুইজন নিহত হয়েছেন।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে জানা যায়, সোহারের আল-আওয়াহি শিল্প এলাকায় একটি ড্রোন আঘাত হানলে দুই বিদেশি নাগরিক নিহত এবং কয়েকজন আহত হন। আরেকটি ড্রোন খোলা জায়গায় পড়ে, তবে সেখানে কেউ হতাহত হয়নি। ঘটনাটি তদন্ত করছে কর্তৃপক্ষ।
এর আগে বুধবার ওমানের সালালাহ বন্দরের জ্বালানি ট্যাংকেও ড্রোন হামলার খবর পাওয়া যায়, যদিও ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান।
এদিকে সৌদি আরব জানিয়েছে, রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় আসা একটি শত্রু ড্রোনকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। একই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে আরও কয়েকটি ড্রোনও ধ্বংস করা হয়েছে।
অন্যদিকে দুবাইতে একটি হামলা প্রতিহত করার সময় ধ্বংস হওয়া ড্রোনের ধ্বংসাবশেষ একটি ভবনের গায়ে পড়ে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও আমেরিকা ইরানে যৌথ হামলা শুরু করার পর থেকেই পুরো অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জবাব দিচ্ছে।






































