
ফাইল ছবি
লেবাননে ইসরায়েলি বাহিনীর টানা হামলায় গত দুই সপ্তাহে নিহতের সংখ্যা বেড়ে ৮৫০ জনে দাঁড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি ও আলজাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে ৬৬ জন নারী, ১০৭ জন শিশু এবং ৩২ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। ভয়াবহ এই সংঘাতের প্রভাবে এখন পর্যন্ত আহত হয়েছেন ২ হাজার ১০৫ জন মানুষ।
এদিকে লেবাননের সঙ্গে কোনো ধরনের সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে ইসরায়েল। আগামী কয়েক দিনের মধ্যে আলোচনা শুরু হতে যাচ্ছে—এমন খবর গণমাধ্যমে প্রকাশিত হলেও তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার।
তিনি আরও জানান, ইসরায়েলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধক সরঞ্জামের সংকট দেখা দেওয়ার খবরটিও ভিত্তিহীন। এ নিয়ে ওয়াশিংটনকে অবহিত করার বিষয়টিও তিনি অস্বীকার করেছেন।
অন্যদিকে, মাঠপর্যায়ে সংঘাতের তীব্রতা আরও বাড়ছে বলে জানা গেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তাদের যোদ্ধারা দক্ষিণ লেবাননের তায়েবেহ শহরের কাছে একটি ইসরায়েলি মারকাভা ট্যাঙ্কে গাইডেড মিসাইল দিয়ে হামলা চালিয়েছে।
হিজবুল্লাহর পক্ষ থেকে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, ওই হামলার পর ট্যাঙ্কটিতে দ্রুত আগুন ধরে যায়। তবে এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।







































