সোমবার । মার্চ ১৬, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৬ মার্চ ২০২৬, ৫:০৯ পূর্বাহ্ন
শেয়ার

ইরান যুদ্ধের নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প, মার্কিন সিনেটরের সতর্কবার্তা


Cris-Marfy

মার্কিন সিনেটর ক্রিস মারফি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপ দ্রুত বড় ধরনের আঞ্চলিক সংকট তৈরি করছে বলে সতর্ক করেছেন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি। তিনি দাবি করেছেন, এই সংঘাতের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে মারফি বলেন, ইরানের বিরুদ্ধে শুরু হওয়া এই যুদ্ধ ইতোমধ্যে মধ্যপ্রাচ্যকে সহিংসতার ভয়াবহ চক্রে ঠেলে দিয়েছে। তার ভাষায়, “এটি এখন স্পষ্ট যে ট্রাম্প এই যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। ইরানের পাল্টা আঘাতের সক্ষমতা সম্পর্কে তিনি গুরুতর ভুল হিসাব করেছিলেন। পুরো অঞ্চল এখন জ্বলছে।”

তিনি জানান, সংকটের সবচেয়ে বড় কেন্দ্র হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের ২০ শতাংশেরও বেশি এই পথ দিয়ে পরিবাহিত হয়। মারফির মতে, তেহরানের এই নৌপথ অচল করে দেওয়ার সক্ষমতাকে ওয়াশিংটন অবমূল্যায়ন করেছে। এর ফলে ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়তে শুরু করেছে।

মারফি বলেন, ইরান ড্রোন, স্পিডবোট এবং সামুদ্রিক মাইন ব্যবহার করে এই জলপথে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। এসব অস্ত্র ছড়িয়ে–ছিটিয়ে থাকা এবং সংখ্যায় অনেক হওয়ায় সেগুলো সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করা কঠিন।

এছাড়া আধুনিক যুদ্ধে ড্রোনের ক্রমবর্ধমান ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। তার মতে, ইরানের কাছে বিপুল সংখ্যক কম খরচের সশস্ত্র ড্রোন রয়েছে, যার মাধ্যমে তারা দীর্ঘ সময় ধরে অঞ্চলের তেলক্ষেত্র ও জাহাজ চলাচলে হামলা চালাতে সক্ষম।

মারফি বলেন, সাম্প্রতিক হামলাগুলো ইতোমধ্যেই পারস্য উপসাগরে জ্বালানি উৎপাদন ও নৌপরিবহনকে ব্যাহত করেছে। তিনি উল্লেখ করেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ দেখিয়ে দিয়েছে যে ড্রোন প্রযুক্তি আধুনিক যুদ্ধের কৌশল আমূল বদলে দিয়েছে।

এদিকে যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়ানোর সঙ্গে সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে যে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত কমে আসছে। পাশাপাশি সংঘাত ভৌগোলিকভাবে আরও বিস্তৃত হচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেন এই সিনেটর।

তার মতে, লেবাননে ইরানের মিত্র গোষ্ঠীগুলো ইসরায়েলে এবং ইরাকে বিভিন্ন গোষ্ঠী যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এতে করে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বাড়ছে। এমনকি ইসরায়েলের সম্ভাব্য লেবানন স্থল অভিযান নতুন বড় সংকটের জন্ম দিতে পারে বলেও সতর্ক করেন তিনি।

সূত্র: মিডল ইস্ট আই।