
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, ইরানসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম চলছে এবং পরিস্থিতি অনুযায়ী এ উদ্যোগ অব্যাহত থাকবে।
শুক্রবার সকালে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মোশারফ হোসেনের মরদেহ দেশে পৌঁছায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
তিনি আরও বলেন, যুদ্ধাবস্থায় বিদেশে থাকা বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সরকার প্রবাসীদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। নিহত মোশারফ হোসেনের পরিবারের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে এবং তার দুই সন্তানের শিক্ষার দায়িত্ব নেবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।





































