
রোজার ঈদুল ফিতর সামনে রেখে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। সংগঠনটি যাত্রী কল্যাণ সমিতির ১৪৮ কোটি টাকা বাড়তি ভাড়া আদায়ের দাবি ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করেছে।
শুক্রবার রাজধানীর পরীবাগে আয়োজিত সংবাদ সম্মেলনে সাইফুল আলম বলেন, যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করছেন। তিনি ৪৮ ঘণ্টার মধ্যে এই দাবির প্রমাণ দেওয়ার আহ্বান জানান, নচেৎ আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
এদিকে, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি দাবি করেছে, ঈদযাত্রায় দূরপাল্লা ও সিটিবাস মিলিয়ে প্রায় ১৪৮ কোটি টাকা অতিরিক্ত ভাড়া আদায় হতে পারে।
সংবাদ সম্মেলনে পরিবহন নেতারা জানান, টার্মিনালের বাইরে অবৈধ কাউন্টার থেকেই মূলত অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ আসে। এসব অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।




































