সোমবার । মার্চ ২৩, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৩ মার্চ ২০২৬, ৯:৫৯ অপরাহ্ন
শেয়ার

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নিরাপত্তা চেয়ে ইরানের দ্বারস্থ দক্ষিণ কোরিয়া


Hormuz

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ইরান এর দ্বারস্থ হয়েছে দক্ষিণ কোরিয়া।

সোমবার (২৩ মার্চ) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন ইরানকে অনুরোধ জানিয়েছেন, যেন হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা হয়। চলমান সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে চাপ বেড়ে যাওয়ায় এই উদ্যোগ নিয়েছে সিউল। দক্ষিণ কোরিয়ার মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় ৭০ শতাংশই এই পথ দিয়ে আসে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরু হওয়ার পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিলে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর মিত্র দেশগুলোর (চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য) কাছে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানালেও তাতে ইতিবাচক সাড়া মেলেনি। এমনকি মার্কিন নৌবাহিনী নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিলেও বীমা খরচ বৃদ্ধি ও হামলার ঝুঁকিতে জ্বালানিবাহী জাহাজ চলাচলে ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফেরাতে পারেনি ওয়াশিংটন।

এই দীর্ঘমেয়াদি সংঘাতের আশঙ্কা ও নৌপথে বিঘ্নের কারণে এশীয় শেয়ারবাজারে বড় ধরনের ধস নেমেছে। এর সরাসরি প্রভাব পড়েছে দক্ষিণ কোরিয়ার মুদ্রাবাজারেও। সোমবার পাওয়া তথ্য অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার মুদ্রা ‘ওন’-এর মান মার্কিন ডলারের বিপরীতে ১৭ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে (১৫১০ ওনের নিচে) নেমে এসেছে।

বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বিশ্বের মোট জ্বালানি বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশের নিয়ন্ত্রক। এই সংঘাত দীর্ঘায়িত হলে এবং তেলের সরবরাহ স্বাভাবিক না হলে দক্ষিণ কোরিয়াসহ এশিয়ার দেশগুলোতে ভয়াবহ অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে।