শুক্রবার । মার্চ ২৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৬ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শেয়ার

জ্বালানি সংকটে স্বস্তি: ৩০ হাজার টন তেল নিয়ে দেশে এলো আরো এক জাহাজ


Fuel-Ship-CTG-port

ফাইল ছবি

দেশের বাজারে চলমান জ্বালানি সংকটের মধ্যে ৩০ হাজার টন তেল নিয়ে আরও একটি জাহাজ বাংলাদেশে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ১০ হাজার টন ডিজেল ও ২০ হাজার টন জেট ফুয়েল নিয়ে ‘এমটি গ্রান কুভা’ নামের জাহাজটি বন্দরে ভিড়েছে। চুক্তি অনুযায়ী চীনের প্রতিষ্ঠান ‘ইউনিপেক’ এই জ্বালানি সরবরাহ করেছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানায়, আমদানিকৃত এই ডিজেল মূলত পরিবহন ও শিল্প খাতে ব্যবহার করা হবে। অন্যদিকে জেট ফুয়েল সরবরাহ করা হবে দেশের বিভিন্ন বিমানবন্দরে। বৈশ্বিক অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহ সূচিতে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও নতুন এই চালান জ্বালানি ব্যবস্থাপনায় স্বস্তি ফেরাবে বলে আশা করা হচ্ছে।

বিপিসি চেয়ারম্যান মো. রেজানুর রহমান জাহাজ আসার বিষয়টি নিশ্চিত করে জানান, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ সকালে জাহাজটি দেশে এসেছে। তিনি দাবি করেন, বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই এবং পরিস্থিতি মোকাবিলায় বিকল্প উৎস থেকেও তেল সংগ্রহের চেষ্টা চালানো হচ্ছে।

উল্লেখ্য যে, চলতি মাসে মোট ১৭টি জাহাজ দেশে আসার কথা থাকলেও এখন পর্যন্ত ৯টি জাহাজ পৌঁছেছে। প্রতি বছর বাংলাদেশ প্রায় ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করে থাকে। এর মধ্যে মাত্র ২০ শতাংশ অপরিশোধিত অবস্থায় এনে দেশে পরিশোধন করা হয় এবং বাকি ৮০ শতাংশ পরিশোধিত অবস্থায় ভারত, চীন ও ইন্দোনেশিয়াসহ আটটি দেশ থেকে আমদানি করা হয়।

আগামী এপ্রিল ও মে মাসের জন্য বিপুল পরিমাণ জ্বালানি আমদানির পরিকল্পনা নিয়েছে সরকার। এপ্রিলে প্রায় ৩ লাখ টন ডিজেলসহ বিভিন্ন ধরনের জ্বালানি আমদানির লক্ষ্যমাত্রা থাকলেও এখন পর্যন্ত সবগুলোর নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে মে মাসে ১৭টি জাহাজে করে সাড়ে তিন লাখ টন ডিজেলসহ অন্যান্য জ্বালানি আসার সূচি চূড়ান্ত করা হয়েছে।