শনিবার । মার্চ ২৮, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ২৮ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শেয়ার

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের জন্য দুঃসংবাদ


malaysia-bangladeshi

ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ সব বিদেশি কর্মীদের জন্য বড় দুঃসংবাদ দিয়েছে মালয়েশিয়া। দেশটি স্থানীয়দের কর্মসংস্থান বাড়াতে আগামী ১ জুন থেকে বিদেশি কর্মীদের ‘এমপ্লয়মেন্ট পাস’ বা কাজের অনুমতির ন্যূনতম বেতন সীমা প্রায় দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে। এতে দেশটিতে কর্মরত লাখ লাখ বাংলাদেশি শ্রমিকের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

মালয়েশিয়া সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে মোট শ্রমশক্তিতে বিদেশি কর্মীর হার ১৪ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনা হবে। মূলত স্থানীয়দের উচ্চ বেতনের চাকরি নিশ্চিত করতেই এই কঠোর নীতি। নতুন নিয়মে কর্মীদের তিনটি ক্যাটাগরিতে ভাগ করে বেতন সীমা ও অবস্থানের মেয়াদ পুনর্নির্ধারণ করা হয়েছে।

সবচেয়ে বেশি প্রভাব পড়বে ক্যাটাগরি-৩-এর ওপর, যেখানে আগে ৫ হাজার রিঙ্গিত বেতন হলেই চলত, এখন তা বাড়িয়ে ৫ হাজার থেকে ৯ হাজার ৯৯৯ রিঙ্গিত করা হয়েছে। পাশাপাশি এই ক্যাটাগরির কর্মীদের অবস্থানের সময়সীমা কমিয়ে মাত্র ৫ বছর করা হয়েছে। নির্দিষ্ট সময় পর নিয়োগকর্তাদের বাধ্যতামূলকভাবে স্থানীয় কর্মী নিয়োগ দিতে হবে।

বিশেষজ্ঞদের মতে, ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলো (এসএমই) বিদেশি কর্মীদের জন্য এই উচ্চ বেতন বহন করতে পারবে না। ফলে নিয়োগকর্তারা বিদেশিদের পরিবর্তে স্থানীয়দের নিয়োগ দিতে বাধ্য হবেন। এর ফলে মালয়েশিয়ায় থাকা প্রায় ৮ লাখ বৈধ বাংলাদেশির একটি বড় অংশ কাজ হারিয়ে দেশে ফিরে আসার ঝুঁকিতে পড়বেন।

রেমিট্যান্স আহরণে মালয়েশিয়া বাংলাদেশের চতুর্থ শীর্ষ দেশ। বিপুল সংখ্যক কর্মী কাজ হারিয়ে দেশে ফিরলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রেমিট্যান্স প্রবাহে বড় ধস নামার আশঙ্কা রয়েছে। এই সংকট মোকাবিলায় সরকারকে দ্রুত বিকল্প শ্রমবাজার খোঁজার পরামর্শ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা।