
রোববার রাতে দলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ৫ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করে এনসিপি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজধানীর দুই সিটি করপোরেশনসহ দেশের মোট ৫টি সিটি করপোরেশন নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে।
রোববার (২৯ মার্চ) এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রার্থীদের নাম প্রকাশ করেন।
ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়বেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, ঢাকা উত্তর সিটি করপোরেশনে লড়বেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
কুমিল্লা সিটি করপোরেশনে প্রার্থী হয়েছেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, সিলেট সিটি করপোরেশনে অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল এবং রাজশাহী সিটি করপোরেশনে মনোনীত হয়েছেন মোবাশ্বের আলী।
প্রার্থী ঘোষণার পাশাপাশি আগামী ৬ মাসের মধ্যে সিটি করপোরেশনসহ সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৫ দফা দাবি জানিয়েছে দলটি। সংবাদ সম্মেলনে এসব দাবি উত্থাপন করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
দাবিগুলো হলো:
১. আগামী ৬ মাসের মধ্যে সব স্তরের স্থানীয় নির্বাচন আয়োজন করা।
২. উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে কোনো প্রশাসক নিয়োগ না দেওয়া।
৩. নতুন সরকার গঠনের পর যেসব প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তাদের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখা।
৪. সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী, দলীয় প্রতীক ছাড়াই নির্বাচন আয়োজন করা।
৫. স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের দোসরদের অংশগ্রহণের সুযোগ না দেওয়া।









































