বৃহস্পতিবার । এপ্রিল ২, ২০২৬
বিনোদন ডেস্ক বিনোদন ১ এপ্রিল ২০২৬, ৯:৫৯ অপরাহ্ন
শেয়ার

বিয়ের গুঞ্জনে লুবাবার নতুন বার্তা


lubaba

ছবি: সংগৃহীত

জনপ্রিয় শিশুশিল্পী সিমরিন লুবাবার হঠাৎ বিয়ের খবরে গত চব্বিশ ঘণ্টা ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রীতিমতো তোলপাড় চলছে। নেটিজেনদের কেউ শুভকামনা জানিয়েছেন, আবার কেউ কেউ বাল্যবিবাহের অভিযোগে নিন্দাও প্রকাশ করেছেন। তবে এই বিতর্কের মাঝেই নিজের অবস্থান পরিষ্কার করেছে লুবাবা।

লুবাবা গণমাধ্যমকে জানিয়েছে, সে এখনো বিয়ে করেনি; বরং দুই পরিবারের সম্মতিতে কেবল আংটিবদল বা বাগদান সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বাগদত্তার সঙ্গে একটি ছবি পোস্ট করে লুবাবা লিখেছিল, ‘আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’

ঐ পোস্টটি ঘিরেই মূলত লুবাবার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার প্রেক্ষিতে আজ বুধবার সন্ধ্যায় আরেকটি ফেসবুক পোস্ট দিয়ে বিষয়টি পরিষ্কার করেছে সে। লুবাবা লিখেছে, ‘বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়ে আমাদের বিবাহ সম্পন্ন হবে, ইনশা আল্লাহ। আমরা সকলের কাছে দোয়া প্রার্থী।’

বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুসারে ১৮ বছরের কম বয়সী মেয়ে ও ২১ বছরের কম বয়সী ছেলের বিয়ে আইনত দণ্ডনীয়। লুবাবার বয়স এখনো ১৮ না হওয়ায় তার বিয়ের খবরটি নিয়ে আইনি প্রশ্ন তুলেছিলেন অনেকে। সেই বিতর্কের অবসান ঘটাতেই লুবাবা স্পষ্ট করেছে যে, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে সে বিয়ের পিঁড়িতে বসছে না।

প্রয়াত খ্যাতিমান অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে শৈশবেই অভিনয়ে হাতেখড়ি লুবাবার। শিশুশিল্পী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর নিয়মিত অভিনয় ও মডেলিংয়ে ব্যস্ত ছিল সে। তবে গত বছরের শেষ দিকে হঠাৎ করেই বিনোদন অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় এই পরিচিত মুখ।