
অনলাইন ক্লাস বা ব্লেন্ডেড লার্নিং ব্যবস্থা চালু বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজ || ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীর ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস বা ব্লেন্ডেড লার্নিং ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয় ছাড়া মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে তিন দিন অনলাইন এবং তিন দিন সশরীর ক্লাস করার একটি প্রস্তাব বিবেচনায় রয়েছে।
এই পরিকল্পনা অনুযায়ী, এক দিন অনলাইনে ক্লাস হলে পরবর্তী দিন সশরীর ক্লাস অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবটি আলোচনার জন্য উঠতে পারে এবং সেখানে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের পরামর্শের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, জ্বালানি সাশ্রয়ে সশরীর ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর বিষয়ে সরকার গুরুত্বেরসঙ্গে আলোচনা করছে।
তিনি জানান, বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবটি উপস্থাপন করা হবে এবং মন্ত্রিসভাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট মোকাবেলায় সাশ্রয়ী পদক্ষেপ হিসেবে এই উদ্যোগ নেয়া হচ্ছে। এর আগে, করোনা মহামারির সময়ও দেশে বিকল্প হিসেবে অনলাইন শিক্ষা কার্যক্রম চালু ছিল।








































