
মার্কিন সামরিক বাহিনীর একটি সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান
ইরান জানিয়েছে, তারা আবারও যুক্তরাষ্ট্রের একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। দেশটির আধা সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)–নিয়ন্ত্রিত ফার্স নিউজের টেলিগ্রাম পোস্টে এ দাবি জানানো হয়।
ফার্স নিউজের ভাষ্যমতে, মার্কিন এই অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমানটি মধ্য ইরানের আকাশসীমা অতিক্রম করার সময় লক্ষ্যভেদ করে গুলি করা হয়। পোস্টে বলা হয়, বিমানটি ‘পুরোপুরি ধ্বংস’ হয়ে গেছে। বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পাইলট সম্পর্কে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
ইরানের মেহের নিউজ তাদের টেলিগ্রাম পোস্টে আরও জানায়, বিধ্বস্ত হওয়ার সময় এত বড় বিস্ফোরণ ঘটে যে পাইলটের পক্ষে ইজেক্ট করা বা বিমান থেকে বেরিয়ে আসা অসম্ভব হয়ে পড়েছিল।
আইআরজিসির সাম্প্রতিক দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তবে এর আগে ইরানের অনুরূপ দাবি সেন্টকম পুরোপুরি অস্বীকার করেছিল, তাই এবারও তারা কী অবস্থান নেবে তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: আল–জাজিরা





































