
প্রতীকি ছবি
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, ভূপাতিত একটি মার্কিন যুদ্ধবিমানের খোঁজে পাঠানো যুক্তরাষ্ট্রের একটি হেলিকপ্টারেও আঘাত হেনেছে একটি প্রজেক্টাইল। এই দাবি ইতোমধ্যেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও অনিশ্চয়তার মধ্যে ফেলেছে।
ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি এই প্রতিবেদন প্রকাশ করেছে। তবে দাবিটি এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আকাশে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিমানটির অন্তত একজন ক্রু সদস্য ইজেক্ট করে বেরিয়ে যেতে সক্ষম হয়েছেন।
এর পরপরই যুক্তরাষ্ট্র একটি সার্চ অ্যান্ড রেসকিউ (অনুসন্ধান ও উদ্ধার) অভিযান শুরু করে। একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানিয়েছেন, এই অভিযানে ইসরায়েলও যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে একটি পাহাড়ি অঞ্চলের আকাশে মার্কিন ড্রোন, যুদ্ধবিমান ও হেলিকপ্টার উড়তে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, সেখানেই ভূপাতিত যুদ্ধবিমানটির অবস্থান হতে পারে।





































