
সংগৃহীত ছবি
দেশের শিক্ষকদের জন্য এলো বড় সুখবর। দীর্ঘ ১৭ বছর পর অবশেষে উৎসব ভাতা বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার—এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (৬ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে ময়মনসিংহ শিক্ষাবোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
শিক্ষামন্ত্রী জানান, শিক্ষকদের উৎসব ভাতা প্রায় এক যুগের বেশি সময় ধরে অপরিবর্তিত রয়েছে। এবার চলতি বছর থেকেই ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন ঈদুল আজহার আগেই বাড়তি ভাতা বাস্তবায়ন করা সম্ভব হবে। মন্ত্রী বলেন, “সরকার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।”
অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পে-স্কেল কাঠামো পুনর্বিন্যাসের আলোচনা চলছে।
রাজধানীর বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি বলেন, সরকারের লক্ষ্য—প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষকদের আর্থিক প্রণোদনা বৃদ্ধি।
সংশ্লিষ্টরা মনে করছেন, উৎসব ভাতা বৃদ্ধি ও নতুন পে-স্কেল বাস্তবায়িত হলে শিক্ষকদের আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটবে। পাশাপাশি পেশায় দক্ষ ও যোগ্য মানুষ আকৃষ্ট করতেও এ পদক্ষেপ সহায়তা করবে।






































