বুধবার । এপ্রিল ৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৭ এপ্রিল ২০২৬, ৮:০০ পূর্বাহ্ন
শেয়ার

চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল


fakrul-with-wife

মির্জা ফখরুল ইসলাম ও তার সহধর্মিণী মিসেস রাহাত আরা বেগম। ছবি: সংগৃহীত

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৬ এপ্রিল) রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ঢাকা ত্যাগ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবেই বিএনপি মহাসচিব সিঙ্গাপুরে গিয়েছেন। এই সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী রাহাত আরা বেগম।

দলীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পরিকল্পনা করছিলেন। সিঙ্গাপুরে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার কথা রয়েছে।

২০১৫ সালে কারাবন্দি অবস্থায় বিএনপি মহাসচিবের ঘাড়ের আর্টারিতে ব্লক ধরা পড়ে। কারাগার থেকে ছাড়া পেয়ে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি। এরপর থেকে প্রতিবছর ফলোআপ চিকিৎসার জন্য সেখানে যেতে হয় তাকে।

এবারের সফর শেষে কয়েক দিনের মধ্যেই তার দেশে ফেরার কথা রয়েছে। তবে সিঙ্গাপুরে অবস্থানের সুনির্দিষ্ট সময়সীমা সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। অবশ্যে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর তার ফেরার তারিখ চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে।