বুধবার । এপ্রিল ৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৭ এপ্রিল ২০২৬, ৯:৫৭ পূর্বাহ্ন
শেয়ার

দুপুরের মধ্যে দেশের ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস


Typhoon

ফাইল ছবি

দেশের ৬টি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবল শঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে— রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামীকাল বুধবার (৮ এপ্রিল) রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহাসহ দেশের আট বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী কয়েক দিন অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার সিলেট ও চট্টগ্রামসহ দেশের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তবে সপ্তাহের শেষ দিকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং আকাশ প্রধানত শুষ্ক থাকতে পারে।