
দেশসেরা ওপেনার তামিম ইকবাল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানিয়েছেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান।
বোর্ডের বর্তমান কার্যক্রম পরিচালনার জন্য ১১ সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, যার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিসিবির গত নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ পাওয়ার পর এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকেও (আইসিসি) ই-মেইলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এনএসসি জানিয়েছে, নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য দুর্বলতা ও স্বচ্ছতার অভাব থাকায় এই কমিটি ভেঙে দেওয়া অপরিহার্য হয়ে পড়েছিল।
এই নতুন আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের জন্য নির্বাচিত কমিটির মতোই পূর্ণ ক্ষমতাপ্রাপ্ত হয়ে দেশের ক্রিকেট পরিচালনা করবে। তবে তাদের প্রধান দায়িত্ব হবে আগামী ৯০ দিনের মধ্যে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিসিবির নতুন নেতৃত্ব উপহার দেওয়া।
তামিম ইকবালের নেতৃত্বে এই কমিটিতে আরও রয়েছেন ব্যারিস্টার রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন নান্নু, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।
ক্রিকেটের সংকটময় মুহূর্তে এই কমিটির ওপরই এখন দেশের ক্রিকেট অনুরাগী ও স্টেকহোল্ডারদের সবটুকু ভরসা ন্যস্ত হলো।










































