
ছবি: সংগৃহীত
কানাডার টরন্টোতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহনাফ আবরার মোরশেদ ওয়ামিক (২১) নামে এক বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ নিহত হয়েছেন। স্থানীয় সময় গত রবিবার (৫ এপ্রিল) বিকেলে শহরের ড্যানফোর্থ অ্যাভিনিউতে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওয়ামিক ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওয়ামিক মোটরসাইকেল চালিয়ে ড্যানফোর্থ অ্যাভিনিউ দিয়ে পশ্চিম দিকে যাচ্ছিলেন। বিকেল ৩টা ৫ মিনিটের দিকে বিপরীত দিক থেকে আসা একটি এসইউভি গাড়ি সড়কের পাশের একটি প্লাজায় ঢোকার জন্য হঠাৎ বাম দিকে মোড় নেয়। এ সময় মোটরসাইকেলের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হলে ওয়ামিক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পার্ক করা একটি গাড়িতে সজোরে ধাক্কা খান।
দুর্ঘটনার পরপরই জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। টরন্টো প্যারামেডিকসের চিকিৎসকরা ওয়ামিককে বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ওয়ামিক টরন্টোপ্রবাসী মোর্শেদুর রহমান মামুন ও রওনক জাহান শান্তার একমাত্র সন্তান। তার বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানে এবং মা স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত। মেধাবী এই তরুণের এমন আকস্মিক মৃত্যুতে বন্ধুবান্ধব ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
টরন্টো পুলিশের ইন্সপেক্টর এরল ওয়াটসন জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তারা তদন্ত শুরু করেছেন। অতিরিক্ত গতি, চালকের ভুল সিদ্ধান্ত নাকি অন্য কোনো পরিস্থিতিগত কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।












































