
আমিরাতপ্রবাসী শাহ আলম
সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নিহত বাংলাদেশি নাগরিক শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টা ৩৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-০৫৮২ ফ্লাইটযোগে তাঁর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, গত ১ এপ্রিল স্থানীয় সময় সকাল ৬টায় আমিরাতের ফুজাইরাস্থ দিব্বা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ইরান থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের সময় সেটির ধ্বংসাবশেষ শাহ আলমের ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
বাংলাদেশ দূতাবাস, আবুধাবি নিহত শাহ আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে।













































