
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান আলোচনায় কোনো বিকল্প পরিকল্পনার প্রয়োজন নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করেন, এই আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচিই প্রধান গুরুত্ব পাবে।
ভার্জিনিয়ার শার্লটসভিলের উদ্দেশে যাত্রার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প এসব মন্তব্য করেন। যুদ্ধবিরতি আলোচনা উপলক্ষে ইসলামাবাদে যাওয়ার আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে কী বলেছেন—এমন প্রশ্নে তিনি জানান, “আমি তাকে শুধু শুভকামনা জানিয়েছি।”
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এক দফায় শেষ হবে, নাকি আগামী সপ্তাহগুলোতেও চলবে—সে বিষয়ে নিশ্চিত নন ট্রাম্প। তবে ব্যাক-আপ পরিকল্পনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, “আপনাদের কোনো বিকল্প পরিকল্পনার প্রয়োজন নেই।”

ইরানের সঙ্গে সম্ভাব্য একটি ভালো চুক্তির বিষয়ে ট্রাম্পের অবস্থান স্পষ্ট—“কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না।” একইসঙ্গে তিনি দাবি করেন, তার মতে ইরানে ইতোমধ্যে এক ধরনের ‘রেজিম পরিবর্তন’ ঘটেছে।
এছাড়া গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খুব শিগগিরই খুলে দেওয়া হবে বলেও আশা প্রকাশ করেন ট্রাম্প। যদিও তিনি মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রের জন্য এই প্রণালির ওপর নির্ভরতা তেমন নেই।
সূত্র: বিবিসি






































