
জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদ
সিলেট টাইটান্সের বিরুদ্ধে জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদের তোলা বকেয়া পারিশ্রমিকের অভিযোগ অস্বীকার করেছে ফ্র্যাঞ্চাইজিটি। আজ সোমবার এক বিবৃতিতে তারা জানিয়েছে যে নাসুমের আর কোনো টাকা পাওনা নেই এবং উল্টো এই ক্রিকেটারের বিরুদ্ধে অগ্রিম দেওয়া চেক ফেরত না দেওয়ার অভিযোগ তুলেছে তারা।
সবশেষ বিপিএলে সরাসরি চুক্তিতে ৩৫ লাখ টাকায় সিলেটে খেলেছিলেন নাসুম। সম্প্রতি তিনি গণমাধ্যমে অভিযোগ করেন যে তার পাওনা টাকা এখনো পরিশোধ করা হয়নি। এর প্রেক্ষিতে সিলেট টাইটান্স তাদের বিবৃতিতে জানায় যে বিসিবি কার্যালয়ে গত মাসেই সব পাওনা সুরাহা হয়েছে এবং নির্ধারিত ৩৫ লাখ টাকার পুরোটাই নাসুম বুঝে পেয়েছেন।
ফ্র্যাঞ্চাইজিটির দাবি অনুযায়ী চ্যাম্পিয়ন হওয়ার শর্তে বোনাস দেওয়ার মৌখিক আলোচনা থাকলেও দল লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় সেই অর্থ দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই।

বিবৃতিতে আরও বলা হয় যে নাসুমের বিশেষ অনুরোধে তার পুরো পারিশ্রমিক নগদে পরিশোধ করা হয়েছে। টুর্নামেন্ট শুরুর আগে নিরাপত্তার স্বার্থে যে অগ্রিম চেকগুলো তাকে দেওয়া হয়েছিল সেগুলো অন্য ক্রিকেটাররা ফেরত দিলেও নাসুম তা এখনো দেননি। বারবার অনুরোধ করা সত্ত্বেও চেক ফেরত না দেওয়াকে প্রতিষ্ঠানের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছে সিলেট টাইটান্স কর্তৃপক্ষ।










































