
দীর্ঘ ১৬ বছর পর সারাদেশে একযোগে শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা
দীর্ঘ ১৬ বছর পর সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা। বুধবার সকাল ১০টায় বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হয় যা দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে।
গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এই পরীক্ষার সময়সূচি অনুমোদন দেওয়া হয়। সেই অনুযায়ী ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে আড়াই ঘণ্টা ধরে এই পরীক্ষা চলবে।
তবে ভৌগোলিক ও বিশেষ কারণে পার্বত্য তিন জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভিন্ন সূচিতে এই পরীক্ষা নেওয়া হচ্ছে। পাহাড়ের এই জেলাগুলোতে ১৭ এপ্রিল গণিত পরীক্ষার মাধ্যমে শুরু হয়ে ২০ এপ্রিল পর্যন্ত চলবে বৃত্তি পরীক্ষা।

দীর্ঘ সময় পর এই পরীক্ষা পুনরায় চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।








































