বুধবার । এপ্রিল ১৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ১৫ এপ্রিল ২০২৬, ৫:২৮ অপরাহ্ন
শেয়ার

মানি মার্কেটে লেনদেনভিত্তিক নতুন রেফারেন্স রেট চালু করল বাংলাদেশ ব্যাংক


Bangladesh Bank

ফাইল ছবি

দেশের আর্থিক বাজারে স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে বড় ধরনের সংস্কার শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে আর ব্যাংকগুলোর দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে নয় বরং প্রকৃত লেনদেনের ভিত্তিতে নির্ধারিত হবে মানি মার্কেটের সুদের হার। বৈশ্বিক ‘সোফর’ (SOFR) রেটের আদলে বাংলাদেশে প্রবর্তিত হতে যাচ্ছে এই নতুন পদ্ধতি।

এক সংবাদ সম্মেলনে জানানো হয় যে ২০১০ সাল থেকে প্রচলিত ‘ডিবোর’ (DIBOR) প্রথাটি ব্যাংকগুলোর অফার রেটের ওপর ভিত্তি করে চলত যা অনেক সময় বাজারের প্রকৃত চিত্র ফুটিয়ে তুলতে পারত না। এই সীমাবদ্ধতা দূর করতে বাংলাদেশ ব্যাংক এখন থেকে সরাসরি অটোমেটেড সিস্টেম ব্যবহার করে দুটি নতুন বেঞ্চমার্ক রেট প্রকাশ করবে। প্রথমটি হলো আন্তঃব্যাংক রেপো লেনদেনের ভিত্তিতে ‘বোফর’ (BOFR) এবং দ্বিতীয়টি হলো জামানতবিহীন কলমানি ভিত্তিক রেট ‘ডোমর’ (DOMR)।

এই নতুন রেটগুলো কোনো ব্যাংক বা ব্যক্তির ইচ্ছামতো নির্ধারিত হবে না বরং লেনদেনের পরিমাণভিত্তিক গড় বা ‘ভলিউম-ওয়েটেড মিন’ অনুযায়ী তৈরি হবে।

আজ ১৫ এপ্রিল ২০২৬ থেকে প্রতিদিন সকালে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এই রেফারেন্স রেট নিয়মিত প্রকাশ করা হবে। কেন্দ্রীয় ব্যাংক আশা করছে যে এই উদ্যোগের ফলে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের বাজার সম্পর্কে আরও ইতিবাচক ধারণা পাবেন এবং ঋণচুক্তি ও বন্ডের মূল্য নির্ধারণ সহজ হবে।