
ছবি: সংগৃহীত
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর উপস্থিতিকে কেন্দ্র করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি সরাসরি হুমকি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি এই নৌপথ ‘নিয়ন্ত্রণ’ করার চেষ্টা করে, তবে ইরান তাদের জাহাজগুলো ডুবিয়ে দিতে পারে। খবর আলজাজিরার।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে মোহসেন রেজায়ি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির তীব্র সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, ডোনাল্ড ট্রাম্প কি হরমুজ প্রণালীর পুলিশ হতে চান? এটি কি সত্যিই তার কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কোনো বাহিনীর কাজ?
সাবেক এই আইআরজিসি প্রধান আরও বলেন, “আপনাদের এই জাহাজগুলো আমাদের প্রথম ক্ষেপণাস্ত্রের আঘাতেই ডুবে যাবে। এই নৌযানগুলো বর্তমানে মার্কিন সেনাবাহিনীর জন্য এক বিরাট বিপদ হয়ে দাঁড়িয়েছে। কারণ এগুলো সহজেই আমাদের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে এবং আমরা যেকোনো সময় সেগুলো ধ্বংস করতে পারি।”

বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান চরম উত্তেজনার প্রেক্ষাপটে ওয়াশিংটন হরমুজ প্রণালীতে নৌ অবরোধ জারি করেছে। পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানও এই আন্তর্জাতিক নৌপথ দিয়ে জাহাজ চলাচলে কঠোর অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, মোহসেন রেজায়ি ইরানের সামরিক ও রাজনৈতিক অঙ্গনের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত দীর্ঘ সময় দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তার এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।










































