
‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’ এবং ‘প্রেশার কুকার’
প্রবাসের যান্ত্রিক ব্যস্ততা ঠেলে অস্ট্রেলিয়ার সিডনিতে এখন বইছে বাংলা চলচ্চিত্রের উৎসবী হাওয়া। গতানুগতিক হলিউড সিনেমার পোস্টারের ভিড়ে সিডনির বড় বড় প্রেক্ষাগৃহগুলোতে এখন জ্বলজ্বল করছে বাংলা সিনেমার ব্যানার।
ছুটির দিনগুলোতে প্রবাসীদের উপচে পড়া ভিড় আর প্রাণখোলা আড্ডায় সিডনি যেন হয়ে উঠেছে ঢাকার কোনো এক টুকরো মাল্টিপ্লেক্স। একই সঙ্গে তিনটি ভিন্ন মেজাজের ছবি—‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’ এবং ‘প্রেশার কুকার’ সিডনির দর্শকদের আবেগ ও ভালোবাসায় সিক্ত হচ্ছে।
রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ চলচ্চিত্রটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত যা দর্শকদের গভীরভাবে আপ্লুত করেছে। অনেক দর্শক এই সিনেমাটিকে আন্তর্জাতিক মানের এবং অস্কারের যোগ্য বলে মন্তব্য করেছেন। অন্যদিকে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ দর্শকদের নিয়ে গেছে নব্বইয়ের দশকের নস্টালজিয়ায়। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিতে চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিমের অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। পাশাপাশি আধুনিক জীবনের জটিল সমীকরণ নিয়ে নির্মিত ‘প্রেশার কুকার’ ছবিটিও দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে।


সিডনির প্রতিটি শো এখন কানায় কানায় পূর্ণ
অস্ট্রেলিয়ায় এই সিনেমাগুলোর পরিবেশনার দায়িত্বে রয়েছে বঙ্গজ ফিল্মস এবং পথ প্রোডাকশনস। পরিবেশকদের মতে সিডনির প্রতিটি শো এখন কানায় কানায় পূর্ণ। সিডনি ছাড়াও মেলবোর্ন, অ্যাডিলেড, ব্রিসবেন ও ক্যানবেরার বিভিন্ন প্রেক্ষাগৃহে নিয়মিতভাবে এই সিনেমাগুলো প্রদর্শিত হচ্ছে। ভালো গল্পের টানে সাত সমুদ্র তেরো নদী দূরেও যে বাংলা সিনেমার জয়গান গাওয়া সম্ভব-সিডনির এই চিত্রই তার প্রমাণ।













































